৫১তম জন্মতিথিতে মানবসেবা ও নারী-নিরাপত্তার আহ্বান জানালেন ড. অরুণজ্যোতি ভিক্ষু.

Burdwan Today News Service
2 Min Read

শুভ ঘোষ ,কোলকাতাঃ টালীগঞ্জ ম্যূর এভিনিউ বৌদ্ধ সমিতির উদ্যোগে টালীগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে ধর্মীয় ও মানব কল্যাণমূলক কর্মসূচি । টালীগঞ্জ ম্যূর এভিনিউ বৌদ্ধ সমিতি-এর উদ্যোগে টালীগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহার-এ বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু, শিক্ষাবিদ,সমাজ সংস্কারক,মানবতাবাদী, লেখক ও সংগঠক ড. অরুণ জ্যোতি ভিক্ষু ৫১তম জন্মতিথি ধর্মীয় ভাবগাম্ভীর্য,মানবসেবা এবং সামাজিক দায়বদ্ধতার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
অনুষ্ঠানের সূচনায় বুদ্ধপূজা,ত্রিশরণ ও পঞ্চশীল গ্রহণ, সংঘদান,অষ্টপরিষ্কার দান,ধর্মদেশনা, মঙ্গলসূত্র পাঠ এবং বিশেষ আশীর্বাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরে ভিক্ষুসংঘ,উপাসক- উপাসিকা ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে জন্মতিথি উদযাপন অনুষ্ঠান সম্পন্ন হয়।

জন্মতিথিকে মানব কল্যাণের দিনে পরিণত করে ড.অরুণজ্যোতি ভিক্ষুর উদ্যোগে অসংখ্য অসহায়,দরিদ্র ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং বিভিন্ন আশ্রম ও সেবাকেন্দ্রে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত অতিথিরা এই উদ্যোগকে বুদ্ধের করুণা,মৈত্রী ও সেবাধর্মের এক অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড.অরুণজ্যোতি ভিক্ষু “জন্মদিন শুধু ব্যক্তিগত আনন্দের দিন নয়;এটি মানবসেবা, আত্ম সমালোচনা ও সমাজের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার পুর্নবীকরণের দিন। আমি যেমন একজন মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, তেমনি পৃথিবীর প্রতিটি মানুষই একজন মায়ের সন্তান। তাই প্রতিটি মা, বোন ও কন্যাশিশুর সম্মান,নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”


তিনি পশ্চিমবঙ্গে সাম্প্রতিক নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করে রাজ্য সরকার,প্রশাসন, গণমাধ্যম এবং সমাজের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান,যেন এমন একটি নিরাপদ সমাজ গড়ে তোলা হয় যেখানে কোনো নারী ধর্ষণ, নির্যাতন বা হত্যার শিকার না হন এবং প্রত্যেক মা,বোন ও কন্যাশিশু মর্যাদা, নিরাপত্তা ও সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বৌদ্ধ ভিক্ষু ভদন্ত অগ্রলংকার ভিক্ষু ও ভদন্ত নন্দপ্রিয় ভিক্ষু,বিশিষ্ট শিক্ষাবিদ সুকুমার দাস,ড.সুরেশ কুমার আগারওয়াল, বিশ্বভারতী বিদ্যালয়ের অধ্যাপক শিরাজুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় চামারিয়া,মনোতোষ বড়ুয়া,সুকোমল বড়ুয়া, প্রতীক বান্টিয়া সহ বিভিন্ন ধর্মীয়, সামাজিক,সাংস্কৃতিক ও শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ,ভিক্ষুসংঘ, উপাসক-উপাসিকা এবং গণ্যমান্য অতিথিবৃন্দ।উপস্থিত অতিথিরা ড. অরুণজ্যোতি ভিক্ষুকে জন্মতিথির আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাঁর দীর্ঘায়ু,সুস্বাস্থ্য ও মানব কল্যাণমূলক কর্মকাণ্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের সমাপ্তি হয় সকল প্রাণীর মঙ্গল, বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *