টুডে নিউজ সার্ভিস, কলকাতা:রাজ্যের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল। ১৯টি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে (ডিপিএসসি) নতুন চেয়ারম্যান নিয়োগ করল স্কুল শিক্ষা দফতর। সোমবার জারি করা সরকারি বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়েছে। নতুন নিয়োগ অবিলম্বে কার্যকর হচ্ছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলির বর্তমান চেয়ারম্যান-ইন-চার্জদের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন নবনিযুক্ত চেয়ারম্যানেরা। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁরাই এই পদে বহাল থাকবেন।
প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কাজকর্মে গতি আনা এবং জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলির কার্যক্রম আরও সক্রিয় করতেই এই নিয়োগ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন নবনিযুক্ত চেয়ারম্যানদের শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেছেন, তাঁদের নেতৃত্বে রাজ্যের প্রাথমিক শিক্ষার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

নতুন নিয়োগের তালিকায় কলকাতা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হয়েছেন উদয় বন্দ্যোপাধ্যায়। হাওড়ায় অসিত বেরা, হুগলিতে মধুসূদন বাগ, উত্তর ২৪ পরগনায় মোহন কুণ্ডু এবং দক্ষিণ ২৪ পরগনায় অমিত রায়চৌধুরী দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া আলিপুরদুয়ারে দিলীপ পাল, বাঁকুড়ায় বামনপদ বন্দ্যোপাধ্যায়, বীরভূমে সোমেশ্বর বোরাল, কোচবিহারে সাধন কুমার পাল, দক্ষিণ দিনাজপুরে দুর্গেশচন্দ্র দেবনাথ, জলপাইগুড়িতে ধীরাজ মোহন ঘোষ এবং ঝাড়গ্রামে অসীম কুমার পালকে চেয়ারম্যান করা হয়েছে।
নদিয়ায় বিশ্বজিৎ বিশ্বাস, পশ্চিম বর্ধমানে কৌশিক সরকার এবং পশ্চিম মেদিনীপুরে ঠাকুরদাস অধিকারী নতুন দায়িত্ব পেয়েছেন। বিজ্ঞপ্তিতে বাকি জেলাগুলিতেও নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।
নতুন চেয়ারম্যানদের হাতে দায়িত্ব হস্তান্তরের পর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদগুলির প্রশাসনিক কাজকর্ম কীভাবে এগোয়, এখন সেদিকেই নজর থাকবে। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং শিক্ষা-সংক্রান্ত পরিষেবা সচল রাখার ক্ষেত্রে নতুন দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে।

