রাহুল রায়,কাটোয়া : পূর্ব বর্ধমান জেলার কাটোয়া-২ ব্লকের গাজীপুর অঞ্চলের গড়াগাছা এলাকার একটি লজে AWPL সংস্থার উদ্যোগে চাষিদের নিয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়। প্রাকৃতিক ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতির প্রসার ঘটানোর লক্ষ্যেই এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ পীযূষ কান্তি সাহা, AWPL কাটোয়া ইউনিটের প্রধান তারক দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এলাকার বহু কৃষক এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নেন।

সেমিনারে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ, জৈব সারের ব্যবহার এবং মাটির উর্বরতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, রাসায়নিক সারের পরিবর্তে জৈব ও প্রাকৃতিক উপাদানের ব্যবহার মাটির স্বাস্থ্য রক্ষা করে এবং দীর্ঘমেয়াদে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করে।
অনুষ্ঠানে কয়েকজন কৃষক তাঁদের সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের মধ্যে দুইজন কৃষক জানান, AWPL-এর কৃষি-সহায়ক ওষুধ ব্যবহার করে বেগুন চাষে উল্লেখযোগ্য ফলন পেয়েছেন। এছাড়াও একজন কৃষক তিল চাষ করে ভালো উৎপাদন পাওয়ার কথা জানান। তাঁদের অভিজ্ঞতা উপস্থিত কৃষকদের উৎসাহিত করে।

সফল কৃষি উদ্যোগের স্বীকৃতি হিসেবে তিনজন কৃষককে AWPL কাটোয়া ইউনিটের পক্ষ থেকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি তাঁদের হাতে একটি করে টি-শার্ট তুলে দেওয়া হয়।
এই ধরনের সচেতনতামূলক ও কৃষক-সহায়ক উদ্যোগকে এলাকার মানুষ ও কৃষক সমাজ আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। কৃষির উন্নয়ন এবং প্রাকৃতিক চাষাবাদের প্রসারে AWPL-এর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।
