
টুডে নিউজ সার্ভিসঃ দীর্ঘদিন ধরে চলা বেআইনি মদ ও গাঁজার কারবারের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ালেন গ্রামের মহিলারা। মঙ্গলবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রামে শতাধিক মহিলা লাঠি হাতে বিভিন্ন মদের ঠেক ও গাঁজার আড্ডায় অভিযান চালান। স্থানীয়দের অভিযোগ, আকুই ধিতপুর, পুরনো পাড়া ও জামাই পাড়াসহ একাধিক এলাকায় দীর্ঘদিন ধরে এই বেআইনি কারবার চলছিল।

এদিন মহিলারা বেশ কিছু জায়গায় হানা দিয়ে বিপুল পরিমাণ মদ ও গাঁজা নষ্ট করেন এবং মদ তৈরির সরঞ্জাম ভেঙে দেন।পরে বেআইনি কারবার বন্ধের দাবিতে আকুই পুলিশ আউটপোস্ট ঘেরাও করে বিক্ষোভ দেখান তাঁরা। মহিলাদের হুঁশিয়ারি, দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
