টুডে নিউজ সার্ভিস, কলকাতাঃ সরকার এবং সরকার পোষিত সংস্থা কর্মচারীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মে জেলা শাসকদের কড়া বার্তা পাঠালেন মুখ্য সচিব দুষ্মন্ত নারিয়ালা। সম্প্রতি তিনি জেলা শাসকদের একটি নির্দেশিকা পাঠিয়েছেন। তাতে তিনি বলেছেন যদি কোনও সরকারি কর্মী র বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত বলে প্রমাণ পাওয়া যায় ,তাহলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আনা হবে এবং এফআইআর করা হবে।
আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে এই নির্দেশিকা দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, ভোটারদের ভয় দেখানো, প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করা, ছাপ্পা ভোট, বুথ জ্যামিং বন্ধ করা ,ভোটারদের বাড়ি থেকে বুথে যেতে বাধা যাতে না দেওয়া হয় তা ভোট কর্মীদের নিশ্চিত করতে হবে। এই মর্মে সব কর্মীকে পরিষ্কার করে জানিয়ে দিতে হবে বলেও জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি।